আধুনিক জীবনে কাপড় ধোয়ার কাজ অনেকটাই সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন। কাপড় মেশিনে দিয়ে ডিটারজেন্ট যোগ করে চালু করলেই শুরু হয় ধোয়ার প্রক্রিয়া। কিন্তু এই সহজ কাজেই অনেকে করে বসেন একটি বড় ভুল প্রয়োজনের তুলনায় বেশি ডিটারজেন্ট ব্যবহার।
অনেকের ধারণা, বেশি ডিটারজেন্ট মানেই কাপড় বেশি পরিষ্কার। বাস্তবে অতিরিক্ত ডিটারজেন্ট বরং কাপড় ও ওয়াশিং মেশিন দুটোরই ক্ষতির কারণ হতে পারে। বেশি ফেনা তৈরি হওয়ার ফলে ডিটারজেন্ট পুরোপুরি ধুয়ে না বেরিয়ে কাপড়ের তন্তুতে জমে থাকতে পারে। এতে কাপড় শক্ত বা রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি সাদা দাগ ও অস্বস্তিকর গন্ধও তৈরি হতে পারে।
শুধু কাপড় নয়, মেশিনের ভেতরেও এর প্রভাব পড়ে। ডিটারজেন্টের অবশিষ্টাংশ ড্রাম, পাইপ ও ফিল্টারে জমে গেলে পানি নিষ্কাশনে সমস্যা হতে পারে। সময়ের সঙ্গে মেশিনের স্বাভাবিক কর্মক্ষমতাও কমে যেতে পারে।
আরেকটি সমস্যা হলো দুর্গন্ধ। ডিটারজেন্টের আস্তরণ, আর্দ্রতা ও ময়লা জমে থাকলে মেশিনের ভেতরে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর পরিবেশ তৈরি হয়। বিশেষ করে দরজার রাবার অংশে নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধ আরও বাড়তে পারে।
তাই ডিটারজেন্ট দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিমাণ সবার জন্য প্রযোজ্য নয়। কাপড়ের পরিমাণ, মেশিনের ধরন, পানির পরিমাণ এবং কাপড়ের ময়লার মাত্রা বিবেচনায় নিতে হবে। মেশিনের নির্দেশিকা বা ডিটারজেন্টের প্যাকেটে দেওয়া পরামর্শ অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।
কাপড় খুব বেশি ময়লা হলে ডিটারজেন্ট বাড়ানোর বদলে আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যেতে পারে। এতে ময়লা নরম হয়ে যায় এবং স্বাভাবিক পরিমাণ ডিটারজেন্টেই ভালোভাবে কাপড় পরিষ্কার করা সম্ভব হয়।
সবশেষে মনে রাখা দরকার, বেশি ডিটারজেন্টে পরিষ্কারও বেশি হবে এমন ধারণা ঠিক নয়। বরং সঠিক পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার, মেশিন নিয়মিত পরিষ্কার এবং ফিল্টার ও রাবার অংশের যত্ন নিলে ওয়াশিং মেশিন দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।