জ্বর কমাতে গিয়ে যে ভুল করবেন না
জ্বর কমাতে গিয়ে যে ভুল করবেন না
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বর কমাতে গিয়ে যে ভুল করবেন না

ছবি : সংগৃহীত

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের মধ্যেই মৌসুমি জ্বরের প্রবণতা দেখা দিচ্ছে। তবে জ্বর নিজে কোনো নির্দিষ্ট রোগ নয়। সাধারণত শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো সংক্রমণ হলে সেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই জ্বর আসে। বেশিরভাগ সময় বিশ্রাম ও প্রয়োজনীয় যত্নে জ্বর ভালো হয়ে যায়। তবে কিছু ভুল অভ্যাসের কারণে সুস্থ হতে বেশি সময় লাগতে পারে।

জ্বরের সময় সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দিতে পারে, তা হলো পানিশূন্যতা। শরীরের তাপমাত্রা বেড়ে গেলে এবং অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় তরল বের হয়ে যায়। তাই এ সময়ে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওআরএস, ডাবের পানি, হালকা স্যুপ ও ফলের রস খাওয়া যেতে পারে। এতে শরীরে পানির ঘাটতি কমার পাশাপাশি দুর্বলতা ও মাথা ঘোরার মতো সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

জ্বরের সময় হজমশক্তিও কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। তাই এ সময়ে অতিরিক্ত তেল-মসলা, ভাজাপোড়া কিংবা ভারী খাবার না খাওয়াই ভালো। সহজে হজম হয় এমন খাবার যেমন জাউভাত, পাতলা খিচুড়ি, ডাল, নরম সুজি ও টোস্ট খেতে পারেন। এসব খাবার শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে সহায়তা করে এবং হজমের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে না।

জ্বর কমানোর জন্য অনেকেই বরফঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা করেন। তবে এ ধরনের ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে, ফলে অস্বস্তি আরও বেড়ে যেতে পারে। এর পরিবর্তে স্বাভাবিক বা কুসুম গরম পানি ব্যবহার করা তুলনামূলকভাবে আরামদায়ক। প্রয়োজন হলে ভেজা নরম কাপড় দিয়ে শরীর মুছেও দেওয়া যেতে পারে।

জ্বরের সময় দ্রুত সুস্থ হওয়ার জন্য ওষুধের পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক রাখার চেষ্টা করতে হবে। একই সঙ্গে জ্বর হলেই নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ খাওয়া উচিত নয়। জ্বর দীর্ঘস্থায়ী হলে, তীব্র উপসর্গ দেখা দিলে বা শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

  • সর্বশেষ