সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এখন চোখে পড়ছে আশির দশকের আবহ। পোশাক, চুলের স্টাইল থেকে শুরু করে ঘরবাড়ির সাজ সবকিছুতেই যেন ফিরে এসেছে কয়েক দশক আগের সময়। ২০২৬ সালে দাঁড়িয়ে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজেদের ছবি তৈরি করছেন আশির দশকের আদলে। কেউ পুরোনো দিনের পোশাকে, কেউ আবার সেই সময়ের গান যুক্ত করে ছবি প্রকাশ করছেন। বর্তমান সময়ের তারকারাও যোগ দিচ্ছেন এই ট্রেন্ডে।
সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে আশির দশকের নস্টালজিয়া। কিন্তু হঠাৎ করে এই সময়টাকেই কেন এত বেশি মনে পড়ছে মানুষের? এর পেছনে কী কারণ রয়েছে এমন প্রশ্নও উঠছে অনেকের মনে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে এর সম্ভাব্য কারণ।
নতুন এই ট্রেন্ডে আশির দশকের নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হচ্ছে ছবিতে। উঁচু কোমরের প্যান্ট, শাড়ি, বড় ফ্রেমের চশমা কিংবা সেই সময়ের জনপ্রিয় পোশাক সবই দেখা যাচ্ছে এআই-তৈরি ছবিতে। ছবির পেছনে যুক্ত করা হচ্ছে কাঠের শোকেস, ভারী টেলিভিশন, মোজাইক মেঝে, পুরোনো স্কুটার কিংবা অ্যাম্বাসেডর গাড়ির মতো পরিচিত দৃশ্য।
শুধু পরিবেশ আর পোশাকেই নয়, ছবির পুরো আবহও তৈরি করা হচ্ছে পুরোনো দিনের মতো। দানাদার টেক্সচার, হালকা ঝাপসা ভাব ও বিবর্ণ রঙ ব্যবহার করে ছবিগুলোকে এমনভাবে সাজানো হচ্ছে, যেন সেগুলো কয়েক দশক আগের কোনো অ্যালবাম থেকে তুলে আনা হয়েছে।
মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে কাজ করছে মানুষের স্বাভাবিক নস্টালজিয়া। মনোরোগ বিশেষজ্ঞ ডা. অরুণ বি নায়ারের মতে, কর্মক্ষেত্রের চাপ, পড়াশোনা, সম্পর্কের জটিলতা কিংবা আর্থিক দুশ্চিন্তায় ভরা বর্তমান জীবন থেকে কিছুক্ষণের জন্য মানসিক দূরত্ব তৈরি করতে মানুষ অনেক সময় অতীতের সুখস্মৃতির দিকে ফিরে তাকায়।
এর সঙ্গে জড়িত ‘রোজি রেট্রোস্পেকশন বায়াস’ নামের একটি মানসিক প্রবণতাও। এর অর্থ হলো, মানুষ অনেক সময় অতীতকে বাস্তবের তুলনায় আরও সুন্দর ও সুখকর হিসেবে মনে করে। সময়ের সঙ্গে অতীতের কষ্টকর অভিজ্ঞতাগুলো অনেকটাই ম্লান হয়ে যায়, বিপরীতে আনন্দের স্মৃতিগুলো হয়ে ওঠে আরও উজ্জ্বল।
সমাজবিজ্ঞানী জ্যোতি এস নায়ারের মতে, প্রযুক্তিনির্ভর দ্রুতগতির জীবনে মানুষ এখন আরও বেশি আপন অনুভূতি ও মানবিক সংযোগ খুঁজছে। সেই জায়গা থেকে অতীতের সময়কে অনেকের কাছে মনে হয় ধীর, পরিচিত এবং মানুষের কাছাকাছি।
তবে আশির দশকের এই নস্টালজিয়া শুধু ওই সময়ের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি প্রজন্মের মধ্যেই একসময় নিজের সময়কে সেরা মনে করার প্রবণতা তৈরি হয়। আজকের প্রজন্ম আশির দশকের দিকে ফিরে তাকাচ্ছে, আবার হয়তো কয়েক বছর পর ২০২৬ সালকেও কেউ মনে করবে ‘ইশ, কী সুন্দর সময় ছিল!’
অর্থাৎ, আশির দশকের এই ফিরে আসা শুধু পুরোনো ফ্যাশন বা ছবির ট্রেন্ড নয়। বর্তমানের ব্যস্ততা ও জটিলতার মধ্যে মানুষ কিছুটা স্বস্তি খুঁজতে অতীতের পরিচিত আবহে ফিরে যেতে চাইছে। আর এআই সেই ফিরে যাওয়ার অনুভূতিকে এখন আরও সহজ ও দৃশ্যমান করে তুলেছে।