আপেল কাটার পর কিছুক্ষণ খোলা রাখলেই এর সাদা অংশে বাদামি বা কালচে দাগ পড়ে যায়। মূলত বাতাসের অক্সিজেনের সঙ্গে আপেলের ‘পলিফেনল অক্সিডেজ’ নামের এনজাইমের রাসায়নিক বিক্রিয়ার কারণেই এমনটা ঘটে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘এনজাইমেটিক ব্রাউনিং’।
তবে সহজ একটি ঘরোয়া কৌশলেই কাটা আপেলের রং ও সতেজতা অনেকটা ধরে রাখা যায়। বিশেষজ্ঞদের মতে, অল্প পরিমাণ লবণ মেশানো পানিতে আপেলের টুকরোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অক্সিজেনের সঙ্গে এনজাইমটির বিক্রিয়া কমে আসে। ফলে আপেল দ্রুত বাদামি বা কালচে হওয়ার প্রবণতাও কমে যায়।
এ জন্য প্রথমে একটি পাত্রে পানির সঙ্গে অল্প লবণ মিশিয়ে নিন। এরপর কাটা আপেলের টুকরোগুলো এতে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পরে ঠান্ডা পানি দিয়ে আপেলের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিন। এতে কাটা আপেল বেশ কিছুক্ষণ সতেজ ও দাগমুক্ত রাখা সম্ভব।
বিশেষ করে টিফিনে কাটা আপেল নেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কাজে আসতে পারে। লবণপানি ব্যবহারের ফলে আপেলের স্বাভাবিক রং দীর্ঘসময় বজায় থাকে এবং দ্রুত কালচে হয়ে যাওয়ার সমস্যাও কমে।
আপেল শিশু থেকে শুরু করে বড়দের জন্যও পুষ্টিকর একটি ফল। তবে কেটে রাখার পর এর রং পরিবর্তন হওয়া অনেকের কাছেই বিরক্তিকর। তাই সহজ এই কৌশল ব্যবহার করে কাটা আপেল আরও সতেজ রাখা যেতে পারে।