অক্টোবরে বাংলাদেশে এসে ম্যাচ খেলার সম্ভাবনা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রোববার প্রায় ৪৫ মিনিট স্টেডিয়াম ঘুরে দেখেন তারা।
ব্রাজিল জাতীয় দলের জেনারেল সুপারভাইসর সার্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়ামের মাঠ, খেলোয়াড়দের সাজঘর, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে। বিশেষ করে নতুন করে প্রস্তুত করা সবুজাভ মাঠের অবস্থা, পানি দেওয়ার ব্যবস্থা ও পানি নিষ্কাশন নিয়ে বিস্তারিত খোঁজ নেন তারা।
দুপুর ১টার দিকে কলকাতা থেকে ঢাকায় পৌঁছেই সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় দলটি। এর আগে ভারতের কলকাতার সল্ট লেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে তারা। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচকে সামনে রেখে ভেন্যুর প্রস্তুতি দেখতে কলকাতায় গিয়েছিল প্রতিনিধি দলটি।
পরিদর্শন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে ব্রাজিল। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ খেলার সম্ভাবনার কথা জানিয়েছে প্রতিনিধি দলটি।
ইকবাল হোসেন বলেন, মাঠের প্রস্তুতির কাজ এখনো চলমান এবং পুরো কাজ শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে এ তথ্য ব্রাজিলের প্রতিনিধিদের জানানো হয়েছে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন বলে জানিয়েছেন।
পরিদর্শনের সময় মাঠে পানি সরবরাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি খেলোয়াড়দের সাজঘর এবং দর্শক গ্যালারির সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।
এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ব্রাজিল জাতীয় দল বাংলাদেশে এসে অনুশীলন করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ইকবাল হোসেন জানান, স্টেডিয়াম পরিদর্শনের সময় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।