বিএনপি জোট-সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। এতে প্রস্তাবক ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। বিধি অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে ইসি।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় অন্যটি নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যায়।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন।