ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন স্ট্যাটাসে সেখানে রয়েছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা বিচারে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ইতোমধ্যে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতীয় একটি গণমাধ্যমে তাকে ফেরাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবরের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনটিতে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা কোন আইনি ভিত্তিতে অবস্থান করছেন, তা স্পষ্ট করা হয়নি। ফলে শুধু একটি সংবাদমাধ্যমের ওপর ভিত্তি করে মন্তব্য করা সমীচীন নয়। বাংলাদেশ এখনো তার সুনির্দিষ্ট স্ট্যাটাস জানে না বলে আদালতের বিষয়টি কোন প্রসঙ্গে এসেছে, তাও পরিষ্কার নয়।
এদিকে, জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে আওয়ামী লীগের (যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ দাখিল করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি উল্লেখ করেন, ওই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০,০০০ মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এই অপরাধের দায় তাদের এড়ানোর সুযোগ নেই এবং ট্রাইব্যুনাল আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।