জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ এ সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
বিদ্যুৎ বন্ধের আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া আংশিক, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুরের আংশিক, আটঘরিয়া ও বড়বড়িয়া।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সহযোগিতা কামনা করা হয়েছে।