উন্নয়ন ও জরুরি মেরামতকাজের কারণে চট্টগ্রাম নগরের মুরাদপুর ও আশপাশের বেশ কিছু এলাকায় আগামীকাল রোববার টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ ফিডারের অধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে বদরুতলা, বড় গ্যারেজ, আরাকান রোড ও আশপাশের এলাকা, জাতি শাহ মাজার, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, শোলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুলসহ আশপাশের এলাকা।
তবে বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২-এর সোলার লাইনের মাধ্যমে মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল রাখা হবে। পাশাপাশি বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অন্যান্য ১১ কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
নিরাপত্তার কারণে কাজ চলাকালে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইন চালু রয়েছে ধরে সতর্কতার সঙ্গে চলাচল করতে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম।