নেপালের দুর্যোগে সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
নেপালের দুর্যোগে সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালের দুর্যোগে সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বাংলাদেশ

ছবি : সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগের পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেপালে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ নেপাল সরকার এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ নিখোঁজদের দ্রুত উদ্ধার, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন ও পুনরুদ্ধার কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে ঢাকা।

এদিকে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নেপালের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ