কক্সবাজারের মহেশখালী উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (নাম) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় শীলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী ওই এলাকার কালীমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রবীন্দ্র লাল সুশীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়িতে থাকা শিল্পী রানী ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে ‘চোর, চোর’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে দুর্বৃত্তটি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তার স্বামী রবীন্দ্র লাল সুশীলসহ স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিল্পী রানীকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোয়ানক ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।