অপ্রতিম হত্যা: ৩ আসামির স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য
অপ্রতিম হত্যা: ৩ আসামির স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপ্রতিম হত্যা: ৩ আসামির স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য

ফাইল ছবি

আইফোন ছিনিয়ে নেওয়া আর টিকটক ভিডিও বানানোর আড়ালেই গড়ে উঠেছিল অসম বন্ধুত্ব। আর সেই আইফোনের লোভেই শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে। নিখোঁজের পর দিন লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার হওয়া তিন আসামির জবানবন্দিতে উঠে এসেছে এই নির্মম ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর চিত্র।

আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং অপর দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর জানিয়েছে, হত্যাকাণ্ডের অন্তত ৭ দিন আগেই আইফোনটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।

ছবি তোলার কথা বলে পাহাড়ে ফাঁদ:

জবানবন্দি সূত্রে জানা যায়, ছবি তোলা ও টিকটক করার বাহানায় গত ১৮ সেপ্টেম্বর অপ্রতিমকে লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ গল্পগুজব ও আড্ডার পর তার ব্যবহৃত আইফোনটি দেখতে চাওয়া হয়। একপর্যায়ে ফোন ফেরত দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটি শুরু হয়।

তখন প্রধান আসামি তুহিন অপ্রতিমকে প্রথমে চড় মারেন এবং পরে পাশে পড়ে থাকা কোদালের হাতল দিয়ে মাথায় একাধিক আঘাত করে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় অপ্রতিম। আইফোনটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে তারা এই নৃশংসতা চালায় বলে আদালতে স্বীকার করেছে আসামিরা।

হত্যার পর 'নাটক' ও ফেসবুকে শোকপ্রকাশ:

হত্যাকাণ্ড ঘটানোর পর আসামিরা নিজেদের বাঁচাত নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। পরদিন অপ্রতিমকে খোঁজাখুঁজির নাটকে অংশ নেয় তারা এবং লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে পোস্টও দেয়। তবে সিসিটিভি ফুটেজ ও কল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এই ঘটনায় নিহতের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করার পর একে একে ঘাতকদের পরিচয় সামনে আসে। বর্তমানে আসামিদের দেওয়া স্বীকারোক্তি অন্যান্য তথ্যপ্রমাণের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পূর্ণ সত্য উদ্ঘাটনে স্বজনদের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুনছে পুরো কুমিল্লাবাসী।

  • সর্বশেষ