কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। তার ওই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ডা. কেয়া লেখেন, ‘আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিকদের কাছ থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।’
নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরই তিনি ওই মন্তব্য করেন বলে জানা গেছে।
সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তার স্বজনরা। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে নরমাল ডেলিভারির চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয়। পরে শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমা আক্তারকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
তবে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ডা. কেয়া। সাংবাদিকদের তিনি বলেন, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছিলেন। রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে দেওয়া ডা. কেয়ার ফেসবুক পোস্ট নিয়েও স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।