ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় শাবনূরের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শাবানা ও ববিতার পর যে প্রজন্মের দর্শক শাবনূরের অভিনয়ে মুগ্ধ হয়েছে, তাদের কাছে তিনি আজও সমান জনপ্রিয়। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ছোট্ট পোস্টকে ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। শাবনূর লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ মাত্র পাঁচ শব্দের এই বার্তায় কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ না থাকলেও এর অর্থ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে আবারও আলোচনা জোরালো হওয়ায় শাবনূরের এই পোস্টকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে শাবনূরের নামও। তবে তাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি।
নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়েও শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন কথাও ছড়িয়েছিল সে সময়। যদিও শাবনূর সবসময়ই দাবি করেছেন, সালমান শাহকে তিনি ভাইয়ের মতোই দেখতেন।
সম্প্রতি শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তার ভাষ্য, সালমানও শাবনূরকে বোনের মতোই দেখতেন।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি চলচ্চিত্রে তার নায়িকা ছিলেন শাবনূর। পর্দায় তাদের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ফলে শাবনূরের সাম্প্রতিক রহস্যময় পোস্টটি পুরোনো সেই অধ্যায়কে ঘিরে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।