নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ভুলেই সমালোচনার ঝড়
নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ভুলেই সমালোচনার ঝড়
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ভুলেই সমালোচনার ঝড়

ফাইল ছবি

কয়েকদিন আগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশিত হয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা। অভিনয় ও গল্প নিয়ে প্রশংসার পাশাপাশি নাটকের কিছু তথ্যগত অসঙ্গতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

নাটকটিতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্প অনুযায়ী, মইন খান আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। এ কারণে প্রেমিকার সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরে বিসিএস ক্যাডার হিসেবে চাকরি পেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নেন।

তবে মইন খানের ইউএনও হওয়ার বিষয়টিই দর্শকদের একাংশের নজরে এসেছে। তাদের দাবি, নাটকে যেভাবে চাকরিতে যোগদানের প্রথম দিনই মইন খানকে ইউএনও হিসেবে দেখানো হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সচেতন দর্শকদের ভাষ্য, প্রশাসন ক্যাডারে বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়ার পর সরাসরি ইউএনও পদে দায়িত্ব নেওয়ার সুযোগ নেই। সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা চাকরির বিভিন্ন ধাপ ও দায়িত্ব পালন করার পর ইউএনও হিসেবে পদায়ন পান। ফলে নাটকের উপস্থাপনাকে তারা তথ্যগত ভুল হিসেবে দেখছেন।

এ ছাড়া নাটকে মইন খানের পদবিকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শকদের অনেকে বলছেন, বাংলাদেশ সরকারের প্রচলিত প্রশাসনিক পদগুলোর মধ্যে এমন কোনো পদ নেই। নাটকের নামফলকে ‘উত্তরা’কে উপজেলা হিসেবে দেখানো নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা গেছে। একজন দর্শক নাটকে বিসিএস ক্যাডারের চরিত্র উপস্থাপনের আগে প্রয়োজনীয় তথ্য যাচাই না করার সমালোচনা করেছেন। তার মতে, বিনোদনের পাশাপাশি বাস্তব পেশা ও সরকারি পদবির বিষয়ে নির্মাতাদের আরও সতর্ক হওয়া উচিত।

অন্য এক দর্শক ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটির ব্যবহার নিয়ে ব্যঙ্গ করে বলেন, নাটকে নতুন ধরনের ম্যাজিস্ট্রেটের পদ তৈরি করা হয়েছে। তার অভিযোগ, সরকারি চাকরির পদ-পদবি নিয়ে নির্মাণের আগে ন্যূনতম তথ্য যাচাই করা হয়নি।

নাটকটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আরও নানা মন্তব্য দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার, আরকে রেজাসহ আরও অনেকে।

এর আগে আনিসুর রহমান রাজিবের নির্মাণে ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছিল। ওই নাটকের একটি দৃশ্যে ফারহান আহমেদ জোভানের চরিত্রকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দৃশ্যটি নিয়েও সরকারি চাকরি ও ক্যাডার পদবি উপস্থাপনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকদের একাংশ।

  • সর্বশেষ