দাদাগিরিতে শুভশ্রীকে নিয়ে দেবের আবেগঘন মন্তব্য
দাদাগিরিতে শুভশ্রীকে নিয়ে দেবের আবেগঘন মন্তব্য
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদাগিরিতে শুভশ্রীকে নিয়ে দেবের আবেগঘন মন্তব্য

‘আমার থেকেও আমাকে বেশি বোঝে শুভ

টালিউডের একসময়ের বহুল আলোচিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন চর্চায় ছিলেন দুজন। সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলেছে, দুজনেই পাড়ি দিয়েছেন আলাদা পথে। তবে পুরোনো সম্পর্কের জায়গায় পারস্পরিক শ্রদ্ধা যে এখনও অটুট, তারই ইঙ্গিত মিলল জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র বিশেষ পর্বে।

অনুষ্ঠানের মঞ্চে অতীতের সম্পর্ক ও বর্তমানের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী জানিয়ে দেন, পুরোনো সম্পর্কের চেয়েও মানুষের পাশে থাকার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। দেবকে উদ্দেশ করে অভিনেত্রী বলেন, ‘ওর সঙ্গে আমার কী অতীত ছিল, সেটার থেকেও বড় কথা যে কোনো সময় যখন তুমি চাইবে, অবশ্যই সবসময় পাশে আছি।’

শুভশ্রীর এমন আন্তরিক কথায় মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানের মঞ্চ। সাবেক সহ-অভিনেত্রীর এই বক্তব্যে আবেগপ্রবণ হয়ে দেবও তার প্রশংসা করেন। অভিনেতার কথায়, ‘ও আমার থেকে বেশি আমাকে বোঝে বলে আমার মনে হয়।’

দেব-শুভশ্রীর এই কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পুরোনো এই জুটিকে ফের একসঙ্গে দেখে আবেগাপ্লুত হয়েছেন তাদের বহু অনুরাগী। অনেকের কাছেই মুহূর্তটি হয়ে উঠেছে অতীতের স্মৃতি ও বর্তমানের পরিণত সম্পর্কের এক সুন্দর উদাহরণ।

অনুষ্ঠানে অনির্বাণের জনপ্রিয় গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে’ও শোনা যায়। সেই গানের আবহ যেন দেব-শুভশ্রীর সম্পর্কের বর্তমান বাস্তবতার সঙ্গে মিলে যায় জীবনের পথ ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়ালেও সেখানে তিক্ততার বদলে জায়গা করে নিয়েছে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া।

বর্তমানে ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে দুজনেই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ ও ‘খোকাবাবু’র মতো সফল সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তারা। তাই পর্দার বাইরে কিংবা কোনো অনুষ্ঠানে তাদের এক ফ্রেমে দেখা গেলেই অনুরাগীদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ।

তবে এই আবেগঘন মুহূর্ত নিয়েও সামাজিক মাধ্যমে দেখা গেছে নানা ধরনের মন্তব্য। কেউ প্রশ্ন তুলেছেন, এত ভালো বোঝাপড়া থাকলে তাদের সম্পর্ক ভেঙে গেল কেন। আবার কেউ শুভশ্রীর বর্তমান পারিবারিক জীবন টেনে দেবের বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন। এমনকি দেবের বর্তমান সম্পর্কের কথাও সামনে এনে কটাক্ষ করেছেন অনেকে।

এরই মধ্যে কেউ কেউ অভিযোগ তুলেছেন, পুরোনো সম্পর্ককে কেন্দ্র করে ফের প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন দেব-শুভশ্রী। তবে নেটিজেনদের নানা মন্তব্যের বাইরে তাদের কথাবার্তায় স্পষ্ট অতীতকে ঘিরে কোনো তিক্ততা নয়, বরং সময়ের সঙ্গে সেই সম্পর্ক জায়গা করে নিয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও শুভকামনায়।

  • সর্বশেষ