তারেক রহমানের দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, সরকার সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: তথ্য ভান্ডার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত বিষয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বপ্রণোদিতভাবে কোনো পদক্ষেপ নেবে না। তবে দেশে ফেরার ক্ষেত্রে যদি তাঁর কোনো সহায়তার প্রয়োজন হয়, তা হলে মন্ত্রণালয় অবশ্যই তা প্রদান করবে।’
তিনি বলেন, ‘তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, তা আমার জানা নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট—যেটি প্রয়োজন হবে, আমরা তা দিতে পারব।’

সাংবাদিকরা জানতে চান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি পাঠানোর পর ভারতের সঙ্গে এ বিষয়ে আর কোনো যোগাযোগ হয়েছে কি না।
উত্তরে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে একবার চিঠি পাঠানো হয়েছিল। এরপর এ বিষয়ে নতুন করে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উভয় দেশকেই এগিয়ে আসতে হবে।’
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে অভিবাসনে যেতে ইচ্ছুকদের খরচ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়ার পথ বেছে নিচ্ছেন।

তবে নির্বাচনি বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

  • সর্বশেষ