প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মান গণিতবিদের ভুল ধরা পড়তেই কটাক্ষ ছুড়লেন নেইমার

ছবি: তথ্য ভান্ডার

বিশ্বকাপের শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে উল্লাসে মেতে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচে না খেলেও আলোচনার বড় অংশ দখল করে নিয়েছেন ব্রাজিলের তারকা নেইমার।

চোট কাটিয়ে কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে শেষ মুহূর্তে ফিরলেও জাপানের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি নেইমার। কিন্তু ম্যাচ শেষে তার একটি সামাজিক মাধ্যম পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘটনার শুরু জার্মান গণিতবিদ ইয়োয়াখিম ক্লেমেন্টের এক পূর্বাভাসকে ঘিরে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আগের তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করে আলোচনায় আসা ক্লেমেন্ট এবার দাবি করেছিলেন, ব্রাজিল শেষ বত্রিশ থেকেই বিদায় নেবে।

বাস্তবে ঘটেছে উল্টোটা। নাটকীয় জয়ে ব্রাজিল শেষ ষোলো নিশ্চিত করতেই ক্লেমেন্টকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক বার্তা দেন নেইমার। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "মিস্টার ইয়োয়াখিম ক্লেমেন্ট... পরের বিশ্বকাপে আবার চেষ্টা করুন।"

এই মন্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেক সমর্থক নেইমারের রসিকতাকে উপভোগ করলেও, কেউ কেউ প্রশ্ন তুলেছেন—মাঠে না নেমেই এমন মন্তব্য করা কতটা উপযুক্ত।

ইয়োয়াখিম ক্লেমেন্টের পূর্বাভাসের মডেলটি তৈরি হয়েছে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও ক্রীড়া-সংক্রান্ত তথ্যের সমন্বয়ে। এতে একটি দেশের মাথাপিছু আয়, জনসংখ্যা, ফুটবলের জনপ্রিয়তা, দলের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংসহ একাধিক সূচক বিশ্লেষণ করা হয়। পাশাপাশি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অপ্রত্যাশিত ফলাফলের সম্ভাবনাও আলাদা একটি ভেরিয়েবল হিসেবে যুক্ত থাকে।

ক্লেমেন্টের মতে, ২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাটে অতিরিক্ত নকআউট পর্ব থাকায় বড় দলগুলোর বিদায়ের ঝুঁকি আগের যেকোনো আসরের তুলনায় বেশি। তার বিশ্লেষণে নেদারল্যান্ডসকে শিরোপার অন্যতম দাবিদার দেখানো হলেও ব্রাজিলের বিদায়ের পূর্বাভাস শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে।

ব্রাজিলের জয়ের পর তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি নেইমারের এক বাক্যের খোঁচাও এখন ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয়।

  • সর্বশেষ