বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়েও শেষ পর্যন্ত গ্রুপপর্বের গণ্ডি পেরোতে পারেনি দক্ষিণ কোরিয়া। হতাশাজনক এই ফলের দায় নিজের কাঁধে নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হং মিউং বো। বিদায় নিশ্চিত হওয়ার পরদিনই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
আসরের শুরুটা ছিল আশাব্যঞ্জক। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে দক্ষিণ কোরিয়া। সেই জয় নকআউট পর্বে ওঠার আশা জাগালেও পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা হারে সব হিসাব পাল্টে যায়। শেষ পর্যন্ত সেরা তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় বিশ্বকাপ অভিযান শেষ হয় গ্রুপপর্বেই।
দলের এমন ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে আবেগঘন বক্তব্য দেন হং মিউং বো। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া জাতীয় দলকে যারা ভালোবাসেন এবং সবসময় সমর্থন দিয়ে গেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। প্রত্যাশা পূরণ করতে না পারার দায় আমারই। তাই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘একজন কোচের কাছে ফলাফলই সবচেয়ে বড় বিচার। কোনো ব্যাখ্যা বা অজুহাত ব্যর্থতার ভার কমাতে পারে না। দেশের মানুষ যে সাফল্যের আশা করেছিল, তা এনে দিতে পারিনি। এর সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। তবে দক্ষিণ কোরিয়ার ফুটবলের প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবেই জাতীয় দলের পাশে থাকব।’
হং মিউং বোের পদত্যাগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে দলকে ঘুরে দাঁড় করাতে এখন নতুন কোচ নিয়োগের দিকে নজর থাকবে দেশটির ফুটবল কর্তৃপক্ষের।