২০০৯ সালের ২৮ মার্চ। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় ছিল একটি দৃশ্য আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার ১০ নম্বর পরে মাঠে নামছেন লিওনেল মেসি।
সেই শুরু। এরপর দীর্ঘ ১৭ বছর ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যেন মেসির পরিচয়েরই অংশ হয়ে ওঠে। জাতীয় দলের হয়ে ১৭২ ম্যাচে এই জার্সি গায়ে খেলেছেন তিনি। এর আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরাও এই নম্বরকে সমৃদ্ধ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে এর সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে থাকা নামটি নিঃসন্দেহে মেসি।
আর্জেন্টিনায় ১০ নম্বর শুধু একটি জার্সি নম্বর নয়। এটি দলের সৃজনশীলতা, নেতৃত্ব এবং সমর্থকদের প্রত্যাশার প্রতীক। এই নম্বরের খেলোয়াড় মাঠে বল পেলেই গ্যালারিতে তৈরি হয় অন্যরকম উত্তেজনা। তাই মেসির বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি এবার কার গায়ে উঠবে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ১০ নম্বর?
মেসির ক্যারিয়ারে বিভিন্ন সময় চোট বা অন্য কারণে তিনি মাঠের বাইরে থাকলেও ১০ নম্বর জার্সি অন্যদের গায়ে উঠেছে। মোট ১৭ জন খেলোয়াড় বিভিন্ন ম্যাচে এই জার্সি পরেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সাতবার ১০ নম্বর পরে মাঠে নেমেছেন সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া পরেছেন পাঁচবার। আবার ২৮টি ম্যাচে জার্সিটি কাউকেই দেওয়া হয়নি।
এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। মেসির বিদায়ের পর স্থায়ীভাবেই একজন উত্তরসূরি বেছে নিতে হবে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’র আলোচনায় সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গঞ্জালেস।
তবে মেসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলে তিনি নিজেই ১০ নম্বর জার্সি পরেন। মাঠে তাঁর বল নিয়ন্ত্রণ, সৃজনশীলতা ও খেলা পরিচালনার দক্ষতাও আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বরের সঙ্গে বেশ মানানসই।
তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। মেসির উপস্থিতিতে সর্বশেষ ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা খেলোয়াড় ছিলেন তিনি। তবে এত অল্প সময়ের মধ্যে মেসির মতো বিশাল এক অধ্যায়ের উত্তরাধিকার তাঁর হাতে তুলে দেওয়া হবে কি না, সেটিই বড় প্রশ্ন।
সম্ভাবনার তালিকায় রয়েছেন নিকোলাস পাজও। মাত্র ২১ বছর বয়সেই নিজের প্রতিভার জানান দিয়েছেন এই তরুণ। ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরেন তিনি। জাতীয় দলে এখনো অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও ভবিষ্যতের আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তাঁকে বিবেচনা করা হচ্ছে।
লাওতারো মার্তিনেজও হতে পারেন আরেকটি সম্ভাব্য নাম। ইন্টার মিলানে ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি তিনি নেতৃত্বের অভিজ্ঞতাও অর্জন করেছেন। গোল করার দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে তাঁকেও বিবেচনায় রাখা হতে পারে। তবে আর্জেন্টিনার ১০ নম্বর আবার কোনো স্ট্রাইকারের গায়ে উঠবে কি না, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।
এনজো ফার্নান্দেজের নামও আলোচনার বাইরে নয়। আর্জেন্টিনার হয়ে এখনো ১০ নম্বর না পরলেও দলের মাঝমাঠে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আক্রমণ গড়ে তোলা থেকে শুরু করে খেলার গতি নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই তাঁর প্রভাব রয়েছে।
শেষ সিদ্ধান্ত অবশ্য কোচ লিওনেল স্কালোনির। তবে যাঁর গায়েই ১০ নম্বর জার্সি উঠুক, তাঁর জন্য অপেক্ষা করবে বিশাল এক দায়িত্ব। কারণ তাঁকে শুধু নতুন একটি জার্সি পরতে হবে না; বহন করতে হবে ম্যারাডোনা-রিকেলমে-মেসিদের রেখে যাওয়া ঐতিহ্য।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর তাই কেবল একজন নতুন খেলোয়াড়ের নাম জানার অপেক্ষা নয় এটি ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় শুরুর অপেক্ষাও।