প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ শিক্ষাবোর্ড

এসএসসি ফল পুনঃনিরীক্ষণে এবার রেকর্ড ৭১ হাজার আবেদন

ফাইল ছবি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণের সময় মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতের যেকোনো বছরের তুলনায় এবার পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা সর্বোচ্চ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।

তিনি জানান, নির্ধারিত সময়ে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়ে। বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজিতে। এরপর রয়েছে গণিত ও রসায়ন।

পরীক্ষা নিয়ন্ত্রকের ভাষ্য, শুধু অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরাই নয়, জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তাঁর দাবি, সারা দেশের মতো ময়মনসিংহ বোর্ডেও এবার আবেদনকারীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে।

অধ্যাপক শাহাদত উল্লাহ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পুনঃনিরীক্ষণের কার্যক্রম সম্পন্ন করা হবে। যাচাইয়ের পর কোনো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এলে নির্ধারিত প্রক্রিয়ায় তা প্রকাশ করা হবে।

ময়মনসিংহ বোর্ডে এসএসসির ফল

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন। বোর্ডটিতে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন

এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এছাড়া বোর্ডের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়