শিক্ষার্থীদের তথ্য সংশোধন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীদের তথ্য সংশোধন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের তথ্য সংশোধন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের নিজের নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দিন দিন বাড়ছে। বিষয়টিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় প্রামাণিক নথি যাচাই করে তথ্য সংরক্ষণ করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রতিষ্ঠানের নথিতে অন্তর্ভুক্ত বা শিক্ষা বোর্ডে পাঠানো যাবে না। তথ্য যাচাইয়ে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

রোববার (৩০ আগস্ট) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য সংশোধনের বিষয়টি কেবল প্রশাসনিক জটিলতা নয়; এর সঙ্গে ভবিষ্যৎ শিক্ষা, চাকরিজীবন এবং বিভিন্ন সরকারি নথির নির্ভুলতা সরাসরি সম্পর্কিত। তাই অসতর্কতা, অবহেলা কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই।

প্রতিষ্ঠানের করণীয়:

শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য প্রয়োজনীয় দলিল ভালোভাবে যাচাই করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে তথ্য সঠিকভাবে সংরক্ষণ এবং বোর্ডে পাঠানোর দায়িত্বও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।

বোর্ড জানিয়েছে, তথ্য পাঠানোর আগে যথাযথভাবে যাচাই না করা হলে এবং পরে ভুল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান:

সন্তানের বয়স কমানো বা বাড়ানো, নিজের নাম কিংবা বাবা-মায়ের নাম পরিবর্তন অথবা অন্য কোনো সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ভুল বা অসত্য তথ্য না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

বোর্ডের মতে, শুরুতেই ভুল তথ্য দিলে পরে তা সংশোধন করতে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। একই সঙ্গে প্রয়োজন হতে পারে বিভিন্ন প্রামাণিক দলিলের। তাই শিক্ষার্থীর তথ্য দেওয়ার সময়ই সঠিকতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফরম পূরণের সময় তথ্য যাচাইয়ের নির্দেশ:

রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের সময় নিজের নাম, জন্মতারিখ এবং বাবা-মায়ের নামসহ সব তথ্য সতর্কতার সঙ্গে মিলিয়ে দেখতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে বোর্ড।

কোনো ভুল ধরা পড়লে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানকে জানাতে বলা হয়েছে। ফলাফল বা সনদ প্রকাশের পর তথ্য সংশোধনের উদ্যোগ নিলে প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, নাম, বাবা-মায়ের নাম বা জন্মতারিখ পরিবর্তন কোনো স্বাভাবিক বা নিয়মিত বিষয় নয়। এ ধরনের সংশোধনের জন্য যথাযথ কারণ এবং প্রয়োজনীয় প্রামাণিক দলিল থাকা আবশ্যক।

চাকরিতে বয়সসীমার সুবিধা নেওয়া, বিদেশে যাওয়া কিংবা অন্য কোনো ব্যক্তিগত সুবিধার জন্য তথ্য পরিবর্তনের চেষ্টা গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় ভর্তি ও রেজিস্ট্রেশনের শুরুতেই সব তথ্য নির্ভুলভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে শিক্ষা বোর্ড।

  • সর্বশেষ