প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণ কিনতে সুখবর, আবারও কমল দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির মতে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে গত ২৯ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। অর্থাৎ টানা দুই দফা মূল্যহ্রাসে দুই দিনে ভরিতে মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪২ বার কমেছে এবং একবার ভ্যাটে পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ মূল্যহ্রাসের ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরলেও আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-জোগানের ওপর নির্ভর করে ভবিষ্যতে দামে আবারও পরিবর্তন আসতে পারে।

  • সর্বশেষ