ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ছবি : সংগৃহীত

স্মার্টফোন দ্রুত চার্জ করার সুবিধা এখন প্রায় সব আধুনিক ফোনেই পাওয়া যায়। একসময় ৩০ ওয়াট চার্জিংকে দ্রুতগতির হিসেবে ধরা হলেও বর্তমানে ১০০ ওয়াট বা তারও বেশি ক্ষমতার চার্জিং প্রযুক্তি অনেক ফোনে যুক্ত হয়েছে। এতে কম সময়ে ফোনের ব্যাটারি পূর্ণ করা গেলেও প্রশ্ন থেকেই যায় ফাস্ট চার্জিং কি ব্যাটারির আয়ু কমিয়ে দেয়?

সহজ উত্তর হলো, শুধু ফাস্ট চার্জিংয়ের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায় এমনটা নয়। তবে দ্রুত চার্জের সময় অতিরিক্ত তাপ তৈরি হলে দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমে যেতে পারে।

ব্যাটারি কেন ধীরে ধীরে দুর্বল হয়

বর্তমান স্মার্টফোনে মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। চার্জ দেওয়ার সময় ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়ন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। আবার ফোন ব্যবহারের সময় এই প্রক্রিয়া বিপরীতভাবে ঘটে এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।

চার্জ ও ডিসচার্জের এই পুরো প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। ফাস্ট চার্জিংয়ে তুলনামূলক বেশি শক্তি দ্রুত ব্যাটারিতে প্রবেশ করায় তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। দীর্ঘদিন যদি ব্যাটারি অতিরিক্ত তাপের মধ্যে থাকে, তাহলে এর রাসায়নিক কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে পারে। ফলে সময়ের সঙ্গে ব্যাটারির চার্জ ধরে রাখার সক্ষমতাও কমে যায়।

তবে আধুনিক স্মার্টফোনে এ বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফোনের সফটওয়্যার ও চার্জিং সিস্টেম তাপমাত্রা, ভোল্টেজ এবং পাওয়ারের মাত্রা পর্যবেক্ষণ করে। প্রয়োজন হলে চার্জিংয়ের গতি কমিয়েও দেওয়া হয়।

ফাস্ট চার্জিং কতটা নিরাপদ?

ফোন ও চার্জার যদি নির্মাতার নির্ধারিত প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ফাস্ট চার্জিং সাধারণ ব্যবহারে নিরাপদ বলেই ধরা যায়। তাই শুধু বেশি ওয়াটের চার্জার ব্যবহার করা হচ্ছে বলেই ব্যাটারি দ্রুত নষ্ট হবে এমন ধারণা ঠিক নয়।

তবে চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে গেলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে রোদে রেখে ফোন চার্জ করা, বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়া কিংবা নিম্নমানের বা অসামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করা উচিত নয়। এসব কারণে ফোনের তাপমাত্রা বেড়ে গিয়ে ব্যাটারির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

তাহলে ব্যাটারি ভালো রাখার উপায় কী?

ফাস্ট চার্জিং বন্ধ করার প্রয়োজন নেই। বরং ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানসম্মত চার্জার ব্যবহার করা এবং চার্জ দেওয়ার সময় অতিরিক্ত তাপ এড়িয়ে চলাই গুরুত্বপূর্ণ।

অর্থাৎ, ফোনের ব্যাটারির জন্য সবচেয়ে বড় ঝুঁকি শুধু দ্রুত চার্জিং নয়, দীর্ঘ সময়ের অতিরিক্ত তাপ। আধুনিক ফোনের সুরক্ষা ব্যবস্থা ঠিকভাবে কাজ করলে ফাস্ট চার্জিংয়ের সুবিধা ব্যবহার করেও দীর্ঘদিন ব্যাটারির ভালো পারফরম্যান্স ধরে রাখা সম্ভব।

  • সর্বশেষ