বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান কেনার আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অদূর ভবিষ্যতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় সময় সোমবার তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ট্রাম্প।
চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে তারেক রহমানের চিঠি তিনি পেয়েছেন। বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদী।