সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট মোকাবিলায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা এ বিসিএসে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল থেকে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
পিএসসি জানিয়েছে, নভেম্বর মাসে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এটি ছিল সাধারণ বিসিএস। ওই বিসিএসের লিখিত পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে, যেখানে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস। এর মাধ্যমে সরকারি কলেজের জন্য ৬৮৩ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল।
স্বাস্থ্য ক্যাডারে সর্বশেষ বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৪৮তম বিসিএসে। ওই বিসিএসে ৩ হাজারের বেশি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।